আসন্ন শ্রীবরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু 'কে হচ্ছেন পরবর্তী পৌর পিতা?' নির্বাচন কমিশন বা সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি,তার আগেই নেটদুনিয়ায় বইছে নির্বাচনী হাওয়া। বর্তমানে ৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ৬ জনের কর্মী-সমর্থকরা তাদের প্রিয় নেতার ছবি দিয়ে পোস্ট করে দোয়া ও সমর্থন চেয়েছেন। সাধারণ ভোটাররাও বসে নেই,তারা কমেন্ট বক্সে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। অনেকেই বিভিন্ন প্রার্থীর অতীত কর্মকাণ্ড ও যোগ্যতা নিয়েও বিশ্লেষণ করছেন। পৌরবাসীরা চান এমন একজন মেয়র, যিনি শ্রীবরদী পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এবং নাগরিক সেবাকে হাতের নাগালে পৌঁছে দেবেন। বিশেষ করে তরুণ ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার শুনতে চান।
যদিও প্রার্থীরা এখনো আনুষ্ঠানিকভাবে মাঠে নামেননি, তবে ফেসবুকের পোস্ট আর শেয়ারে স্পষ্ট যে, এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। নেটিজেনদের এই মাতামাতি শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রতিফলন ঘটে, সেটাই এখন দেখার বিষয়।
