ঈদের আনন্দ দ্বিগুণ করতে শ্রীবরদীতে শুরু হচ্ছে 'লিজেন্ড ক্রিকেট কাপ': মাঠে নামছেন সাংসদ মাহমুদুল হক রুবেল
ঈদের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করতে শেরপুরের শ্রীবরদীতে আগামীকাল (ঈদের ২য় দিন) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 'শ্রীবরদী লিজেন্ড ক্রিকেট কাপ, সিজন ১'। দুই দিনব্যাপী (ঈদের ২য় ও ৩য় দিন) এই জমকালো ক্রীড়া আসরটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজ মাঠে। ইতিমধ্যে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
এবারের টুর্নামেন্টে স্থানীয় মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। টানটান উত্তেজনার এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ ৬ ওভার করে অনুষ্ঠিত হবে এবং পুরো টুর্নামেন্টটি হবে 'নক-আউট' পদ্ধতিতে। আয়োজকরা নিশ্চিত করেছেন যে, খেলায় সর্বোচ্চ মান ও শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ খেলাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী পরিচালিত হবে।
এই ক্রিকেট আসরের অন্যতম বড় চমক হিসেবে মাঠে থাকছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি 'ডাঃ সেরাজুল হক স্মৃতি ক্রিকেট একাদশ'-এর অধিনায়ক (ক্যাপ্টেন) হিসেবে তার দলকে নেতৃত্ব দেবেন। প্রকাশিত পোস্টার ও তালিকা অনুযায়ী, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল,সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও খেলায় অংশগ্রহণ করবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমিদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ টুর্নামেন্টটিকে এক অনন্য উৎসবের রূপ দেবে বলে মনে করছেন স্থানীয়রা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা ইতিমধ্যে সফলভাবে সকল প্রস্তুতি শেষ করেছি। শ্রীবরদীর সর্বস্তরের জনগণকে এই ঐতিহাসিক আয়োজনের প্রত্যক্ষ সাক্ষী হতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে যথাসময়ে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপস্থিত হওয়ার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।"
ক্রিকেট উন্মাদনা আর ঈদের ছুটির এই আনন্দঘন মুহূর্তে একটি শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার অপেক্ষায় এখন পুরো শ্রীবরদীবাসী। একটি দল, একটি স্বপ্ন এবং একটি জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ১৬টি দল।


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url