শেরপুরের শ্রীবরদী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদের মাদকবিরোধী এবং চুরি ঠেকাতে একটি সাহসী ও কঠোর পদক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে জনসম্মুখে এক মাদক কারবারিকে ধরে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা গেছে, যা স্থানীয় সাধারণ মানুষ এবং নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ নিজে উপস্থিত থেকে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে ধরেন। মাদকের করাল গ্রাস থেকে নিজ ইউনিয়ন ও তরুণ সমাজকে রক্ষা করতে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নেন। ভিডিওতে তাকে জনসম্মুখে ওই মাদক কারবারিকে লাঠি ও হাত-পা দিয়ে পিটিয়ে শাসন করতে দেখা যায়।
ভিডিওটি শেয়ার হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। শ্রীবরদীসহ দেশ-বিদেশের হাজার হাজার নেটিজেন ভিডিওটি দেখছেন এবং চেয়ারম্যানের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন।
মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও সরাসরি অ্যাকশন দেখে ফেসবুকের কমেন্ট বক্সে সাধারণ মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করছেন। স্থানীয় ফেসবুক ব্যবহারকারীদের মতে, মাদকের মতো মরণব্যাধি সমাজ থেকে দূর করতে হলে এমন কঠোর জনপ্রতিনিধিই দরকার।
সাধারণ মানুষের প্রত্যাশা, শ্রীবরদীর প্রত্যন্ত অঞ্চলে মাদক যেভাবে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, সেখানে ফরিদুজ্জামান ফরিদের এই 'ডাইরেক্ট একশন' মাদক ব্যবসায়ী ও সেবীদের জন্য একটি কড়া বার্তা হিসেবে কাজ করবে। এলাকাটিকে শতভাগ মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ও কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেন।
