তেল পাম্পের অভাবে শ্রীবরদীবাসীর ভোগান্তি চরমে: বকশীগঞ্জ বা শেরপুরই এখন শেষ ভরসা
ছবিঃ ফ্রেন্ডস এন্ড কোং ফিলিং ষ্টেশন শ্রীবরদী
শ্রীবরদী ফ্রেন্ডস এন্ড কোং ফিলিং ষ্টেশন দীর্ঘ দিন থেকে বন্ধ হয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক মানুষ।
বর্তমানে শ্রীবরদী উপজেলার চালক ও সাধারণ মানুষদের জ্বালানি তেলের জন্য পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা অথবা শেরপুর জেলা সদরের ওপর নির্ভর করতে হচ্ছে। যাতায়াতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তেল সংগ্রহ করতে গিয়ে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় তেলের কার্যকর মূল্যও অনেক বেশি পড়ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা মুমূর্ষু রোগীদের বহনকারী যানবাহনের জন্য এটি বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উপজেলায় পাম্প না থাকায় যত্রতত্র গড়ে উঠেছে খুচরা তেলের দোকান। বোতল বা ড্রামে করে বিক্রি হওয়া এই তেলের মান নিয়ে যেমন সংশয় রয়েছে, তেমনি অগ্নিঝুঁকিও বাড়ছে। শ্রীবরদী একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় সেচ মৌসুমে কৃষকদের ডিজেল সংগ্রহ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, দূর থেকে তেল আনতে গিয়ে একদিকে পরিবহন খরচ বাড়ছে, অন্যদিকে খোলা বাজারের তেলের দামও বেশি রাখা হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী ও পরিবহন চালকরা জানান, "আমরা উন্নয়নের কথা শুনি, কিন্তু একটি তেল পাম্পের না থাকায় আমাদের অন্য উপজেলায় দৌড়াতে হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক ও কষ্টকর।" তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যেন দ্রুততম সময়ে শ্রীবরদীতে একটি আধুনিক ফিলিং স্টেশন স্থাপনের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শ্রীবরদীবাসী।

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url